Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাংলা সাহিত্যের সূর্যকিরণ রবীন্দ্রনাথ: নিতাই রায় চৌধুরী

admin • 08 May 2026, 08:15 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বাংলা সাহিত্যের সূর্যকিরণ রবীন্দ্রনাথ: নিতাই রায় চৌধুরী

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ কুঠিবাড়িতে তিনদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার (৮ মে) বিকেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। জেলা প্রশাসনের বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের সূর্যকিরণ। সূর্য যেমন তার আলো দিয়ে অন্ধকার দূর করে, তেমনি রবীন্দ্রনাথ তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে বাঙালির মনন ও সংস্কৃতিকে আলোকিত করেছেন।”

 

তিনি আরও বলেন, “রবীন্দ্রনাথ ছিলেন একজন প্রকৃত মানবতাবাদী ও কৃষকদরদি মানুষ। তিনি কখনোই জমিদারদের প্রচলিত আচরণে কৃষক-প্রজাদের সঙ্গে আচরণ করেননি।”

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা-র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান। “শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ” শীর্ষক স্মারক বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক ড. ওয়াকিল আহমেদ।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান। এছাড়াও বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, জেলা পরিষদের প্রশাসক সোহরাব উদ্দিন এবং কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

দুপুর থেকেই শিলাইদহ কুঠিবাড়ি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। ব্যানার, ফেস্টুন ও আলপনায় সাজানো হয় পুরো এলাকা। উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হয় গান, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দূরদূরান্ত থেকে আগত দর্শনার্থী ও রবীন্দ্রভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে কুঠিবাড়ি প্রাঙ্গণ। তবে এবার সেখানে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলার আয়োজন ছিল না।

 

কুষ্টিয়া শিল্পকলা একাডেমির শিল্পী শ্রেহা খাতুন বলেন, “প্রতিবছরের মতো এবারও জন্মজয়ন্তীর উদ্বোধনী সংগীত পরিবেশন করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।”

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইসরাইল হোসেন বলেন, “অনেকদিন ধরেই শিলাইদহ কুঠিবাড়ি দেখার ইচ্ছা ছিল। জন্মজয়ন্তীর এই আয়োজন ও পরিবেশ সত্যিই দারুণ লাগছে।”

অঞ্জলি রাণী বলেন, “রবীন্দ্রনাথ শুধু বাংলা সাহিত্যের নয়, বাঙালির চেতনারও অংশ। তাঁকে ঘিরে গবেষণা ও পাঠচর্চা বাড়াতে কুঠিবাড়িতে গবেষণাগার ও সমৃদ্ধ লাইব্রেরি স্থাপন জরুরি।”

জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান জানান, তিনদিনব্যাপী অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।