এক্সক্লসিভ
সারা দেশ
খেলাধুলা
জেলার খবর
বসুন্ধরা কিংস ফুটবল একাডেমিতে সুযোগ পেল ইসলামপুরের রায়হান
Shakib Nahid
• 14 Aug 2026, 09:46 PM
• পঠিত 4 বার
ফুটবলের প্রতি ভালোবাসা আর জাতীয় দলের জার্সি গায়ে খেলার স্বপ্ন নিয়ে দীর্ঘদিন ধরে অনুশীলন করে আসছিল জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের তরুণ ফুটবলার রায়হান প্রধান। সেই স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়ে দেশের শীর্ষ ফুটবল প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর অন্যতম বসুন্ধরা কিংস ফুটবল একাডেমিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন তিনি।
রায়হানের এ অর্জনের খবরে পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব এবং এলাকার ক্রীড়ামোদীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানাচ্ছেন অনেকে।
জানা গেছে, ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি বিশেষ আগ্রহ ছিল রায়হানের। স্থানীয় পর্যায়ে নিয়মিত খেলার পাশাপাশি নিজের দক্ষতা উন্নয়নে নিরলস পরিশ্রম করে আসছিলেন তিনি। তাঁর এই পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ঐতিহ্যবাহী তালুকদার স্পোর্টিং ক্লাবের পরিচালক শাহরিয়ার সেতু। তাঁর পরামর্শ ও সার্বিক সহযোগিতায় রায়হান দেশের পেশাদার ফুটবলে এগিয়ে যাওয়ার সুযোগ পান।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, বসুন্ধরা কিংস ফুটবল একাডেমিতে সুযোগ পাওয়া একজন তরুণ ফুটবলারের জন্য বড় অর্জন। সঠিক প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে রায়হান ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নিজের অবস্থান তৈরি করতে পারবেন বলেও তারা আশা করছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রায়হান প্রধান বলেন, “ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আমার অন্যরকম ভালোবাসা ছিল। সেই ভালোবাসা থেকেই নিয়মিত অনুশীলন করেছি এবং নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেছি। আমার সবচেয়ে বড় স্বপ্ন জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা। আমি কঠোর পরিশ্রম করতে চাই, যেন একদিন দেশের প্রতিনিধিত্ব করতে পারি।”
তিনি আরও বলেন, “ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা। আমাদের দেশেও এই খেলার প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। দর্শকদের ভালোবাসা ও উৎসাহ আমাকে অনুপ্রাণিত করে। আমি চাই একজন ভালো ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং দেশের জন্য সাফল্য বয়ে আনতে।”
রায়হানের এ সাফল্যে গর্বিত তাঁর পরিবারও। সৌদি আরব প্রবাসী বড় ভাই রাহাদ প্রধান এবং অপর বড় ভাই রবিন প্রধান তাঁর জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। তারা বলেন, রায়হান যেন সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করতে পারে এবং দেশের ফুটবলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে, সেটিই তাদের প্রত্যাশা।
স্থানীয় ফুটবলপ্রেমীরা মনে করছেন, যথাযথ সুযোগ ও প্রশিক্ষণ পেলে রায়হান প্রধান একদিন জাতীয় পর্যায়ে নিজের যোগ্যতার স্বাক্ষর রাখবেন। একই সঙ্গে ইসলামপুর উপজেলা ও জামালপুর জেলার জন্য গৌরব বয়ে আনবেন এই তরুণ ফুটবলার।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





