কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের হিন্দু সম্প্রদায়ের বিধবা নারী কবিতা রানি প্রতারণার মাধ্যমে তার বসতভিটার জমি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ তুলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও ন্যায়বিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন।
বুধবার ১৫ জুলাই সকাল ১১টায় কুমারখালী মিডিয়া হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে কবিতা রানি বলেন, কিডনি রোগের চিকিৎসার খরচ মেটাতে তিনি একই গ্রামের মন্টু নামে এক স্বর্ণকারের কাছে ১১ লাখ টাকায় একটি পুকুরের ৯ শতাংশ জমি বিক্রি করেন।
কিন্তু তিনি ও তার স্বামী বিষ্টপ্রদ সরদার লেখাপড়া না জানার সুযোগ নিয়ে প্রতারণার মাধ্যমে বসতভিটার জমিও রেজিস্ট্রি করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। বর্তমানে তিনি বসতভিটা হারানোর আশঙ্কায় মানবেতর জীবনযাপন করছেন।
তিনি আরও বলেন, প্রায় ছয় বছর ধরে এ জমি নিয়ে বিরোধ চলছে। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এসব দুশ্চিন্তার মধ্যেই প্রায় এক মাস আগে তার স্বামী বিষ্টপ্রদ সরদার স্ট্রোক করে মারা যান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার দাবি করেন।
প্রতিবেশীরা জানান, কবিতা রানি ও তার পরিবার দীর্ঘদিন ধরে ওই বসতভিটায় বসবাস করে আসছেন। জমি নিয়ে বিরোধের কারণে পরিবারটি দীর্ঘদিন ধরে মানসিক ও আর্থিক সংকটে রয়েছে। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান। জানা গেছে, এ জমি-সংক্রান্ত বিরোধে বর্তমানে আদালতে মামলা বিচারাধীন রয়েছে।





