Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বন্যাদুর্গতদের জন্য ঢাবি শিক্ষার্থীদের গণত্রাণ কর্মসূচি শুরু রবিবার

admin • 12 Jul 2026, 01:44 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বন্যাদুর্গতদের জন্য ঢাবি শিক্ষার্থীদের গণত্রাণ কর্মসূচি শুরু রবিবার

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়াতে গণত্রাণ ও গণতহবিল সংগ্রহ কর্মসূচি শুরু করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০৫তম ব্যাচের সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১২ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কলা ভবনে দুটি বুথের মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে। নগদ অর্থের পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণসামগ্রীও গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

 

শিক্ষার্থীরা জানান, প্রাথমিকভাবে টিএসসি ও কলা ভবনের বুথে অনুদান সংগ্রহ করা হবে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, শ্রেণিকক্ষ এবং আশপাশের এলাকায় ভ্রাম্যমাণভাবে ত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। সংগৃহীত অর্থ দিয়ে দ্রুত শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইন, পলিথিন এবং জরুরি চিকিৎসাসামগ্রী কেনা হবে।

 

আয়োজকদের ভাষ্য, সংগৃহীত ত্রাণসামগ্রী চট্টগ্রামের স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে সরাসরি বন্যাকবলিত এলাকার পানিবন্দী মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে, যাতে দ্রুততম সময়ে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা যায়।

এই উদ্যোগের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে তহবিল ব্যবস্থাপনায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। এ লক্ষ্যে প্রযুক্তির সহায়তায় একটি রিয়েল-টাইম ডেটাবেস ও উন্মুক্ত স্প্রেডশিট তৈরি করা হয়েছে। এর মাধ্যমে যে কেউ অনুদান গ্রহণ ও ব্যয়ের হালনাগাদ হিসাব যেকোনো সময় দেখতে পারবেন।

 

উদ্যোগ গ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে। চট্টগ্রামের চলমান মানবিক বিপর্যয়েও সেই দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক এবং সমাজের সর্বস্তরের মানুষের প্রতি সাধ্যমতো অনুদানের মাধ্যমে এই মানবিক উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।