এক কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণ চেষ্টার মামলায় চট্টগ্রামে মিজানুর রহমান নামে এক পুলিশ পরিদর্শকের (বরখাস্ত) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আর ও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ চট্টগ্রামের বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, কলেজছাত্রীকে অপহরণের দায়ে আসামি মিজানুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়, একই সঙ্গে ধর্ষণচেষ্টার দায়ে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়।
তিনি আরও জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
আদালত সূত্র জানায়, ২০১১ সালের ১২ জুলাই নগরের একটি বেসরকারি কলেজের ছাত্রী ও তার এক ছেলে বন্ধু ফয়’স লেকে বেড়াতে গেলে পুলিশ পরিদর্শক মিজানুর তাদের জোর করে গাড়িতে তুলে নগরের চকবাজার এলাকার একটি হোটেলে নিয়ে যান। পরে ওই ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিজানুরের বিরুদ্ধে মামলা করেন মেয়েটির বাবা। পরে মিজানুরকে সাময়িক বরখাস্ত করা হয়।
ওই ঘটনার সময় মিজানুর একটি মামলায় সাক্ষ্য দিতে পাঁচ দিনের ছুটিতে চট্টগ্রামে গিয়েছিলেন। সে সময় তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।





