Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ফ্যাসিবাদ পুনর্বাসনের জন্য ছাত্র-জনতা জীবন দেয়নি: শিবির সেক্রেটারি

admin • 19 Nov 2024, 10:43 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ফ্যাসিবাদ পুনর্বাসনের জন্য ছাত্র-জনতা জীবন দেয়নি: শিবির সেক্রেটারি

অর্থের বিনিময়ে ফ্যাসিবাদকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। যারা এই মিশনে আছেন, তাদের সাবধানও করে দিয়েছেন শিবির সেক্রেটারি।

 

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এ হুঁশিয়ারি দেন জাহিদুল ইসলাম।

 

তিনি লেখেন, ফ্যাসিবাদ পুনর্বাসনের জন্য ছাত্র-জনতা জীবন দেয়নি। অর্থের বিনিময়ে ফ্যাসিবাদকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হচ্ছে। এমনকি হত্যা মামলা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। এমন অসংখ্য তথ্য ও ডকুমেন্টস আমরা পেয়েছি। এমনটি হওয়ার কথা ছিল না।

 

তিনি সতর্ক করে লেখেন, যারা এই প্রজন্মের পালস বুঝতে পারছেন না, তারা বোকামি করছেন। যারা ফ্যাসিবাদ পুনর্বাসন মিশনে নেমেছেন, সাবধান হয়ে যান। রিয়েলি সাবধান হয়ে যান। নতুবা পরিণতি সামাল দিতে পারবেন না।

 

শিবির সেক্রেটারি আরও লেখেন, একাকী নিরবে আন্দোলনের দিনগুলো মনে হলে এখনো রক্তকণিকা হিম হয়ে আসে। স্তব্ধ হয়ে যাই। আমাদের ভাইদের রঞ্জিত ক্ষতবিক্ষত চেহারা, একটু পরপরই সারাদেশ থেকে আহত কিংবা শাহাদাতের সংবাদ। কী এক বিভীষিকাময় ছিল সে দিনরাত্রির ক্ষণগুলো! কী করবো আমরা, কী করা উচিত? সামনে অগ্রসর হবো, নাকি পিছিয়ে যাবো? ময়দান আর ভাবনার লড়াইতে ক্লান্ত হয়ে যেতাম। কিন্তু শহীদের কথা মনে করে আবার সবাই উদ্যম ফিরে পেতাম।

 

আমরা যারা সেদিন শহীদ হিসেবে কবুল হইনি। আমাদের শরীরে হাজারো শহীদের রক্ত লেগে আছে। আমরা সেই রক্তের ঘ্রাণ অনুভব করি। নিজেদের আমরা আসলে শহীদই মনে করি। তাই আমাদের সামনে কোনো অন্যায় হলে আমরা শাহাদাতের লেবাসে সেখানে আঘাত হানবো। যেখানেই ফ্যাসিবাদী চিন্তা ও কাজ হবে, সেখানেই আমরা প্রলয়ের মতো আঘাত হানবো, যোগ করেন জাহিদুল ইসলাম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।