Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ফের চালু হলো 'রামসাগর এক্সপ্রেস' চলবে গাইবান্ধা -পঞ্চগড় পর্যন্ত

admin • 30 Aug 2023, 07:57 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ফের চালু হলো 'রামসাগর এক্সপ্রেস' চলবে গাইবান্ধা -পঞ্চগড় পর্যন্ত

রেলে বইছে সুবাতাস । সরকারের দীর্ঘ মেয়াদয়াদি টেকসই উন্নয়ন ও সারাদেশে রেল যোগাযোগের আওতায় অনেক প্রতীক্ষার প্রায় এক যুগ পর আবারও যাত্রা শুরু করল ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেন। মঙ্গলবার (২৯ ‍আগস্ট) দুপুর ১টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন চত্বরে ট্রেনটি চলাচলের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন । উদ্বোধনী ট্রেনে মন্ত্রী বোনারপাড়া থেকে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলস্টেশন পর্যন্ত যান।

রামসাগর এক্সপ্রেস ট্রেনটির চলাচল ১১ বছর ধরে বন্ধ ছিল। আজ চালু হওয়া এই মেইল ট্রেন এবার বোনারপাড়া-দিনাজপুর নয়, চলবে বোনারপাড়া থেকে উত্তরের শেষ জেলা পঞ্চগড় পর্যন্ত। পরিবর্তন আনা হয়েছে সময়সূচিতেও। ট্রেনটি চালু হওয়ায় বিশেষ সুবিধা ভোগ করবে গাইবান্ধার ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থী ও চিকিৎসাসেবা-প্রত্যাশীরাসহ এ অঞ্চলের মানুষ।

 

এতে সাশ্রয়ী ও নিরাপদে চলাচল করতে পারবে উত্তরের এ অঞ্চলের মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। এ ছাড়া জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা ও স্থানীয়রা।

আরো পড়ুন:   ১১ বছর পর চালু হচ্ছে ‘রামসাগর এক্সপ্রেস’,উদ্বোধন করবেন রেলমন্ত্রী

পশ্চিমাঞ্চল রাজশাহী ও লালমনিরহাট ডিভিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোনারপাড়া রেলস্টেশন থেকে সকাল সাড়ে ৫টায় ছেড়ে গিয়ে ট্রেনটি পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশনে পৌঁছাবে দুপুর ২টা ৫০ মিনিটে। ৯ ঘণ্টা ২০ মিনিটে ট্রেনটি ২৪টি রেলস্টেশন অতিক্রম করে পাড়ি দেবে ২৬৪ কিলোমিটার। সর্বোচ্চ ৯০ টাকায় যাত্রীরা যেতে পারবে বোনারপাড়া রেলস্টেশন থেকে পঞ্চগড় পর্যন্ত। এতে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। ১০ বগির এই ট্রেন যাত্রী বহন করতে পারবে ৬৭৮ জন।

 

বোনারপাড়া রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, নানা রঙের ফুল-বেলুনে সাজানো রামসাগর ট্রেন দাঁড়িয়ে আছে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে। এ সময় শত শত মানুষ ভিড় করেছে।

 

গাইবান্ধা ও বোনারপাড়া রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের বিশেষ করে গাইবান্ধা, রংপুর ও দিনাজপুরের মানুষের যাতায়াতের সুবিধার্থে ২০১০ সালের ১২ নভেম্বর চালু করা হয় আন্তঃনগর ‘রামসাগর এক্সপ্রেস’। সে সময় গাইবান্ধার বোনারপাড়া থেকে রংপুরের কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর পর্যন্ত চলাচল করত ট্রেনটি। কম ভাড়া এবং নির্দিষ্ট সময়ে পৌঁছানোর কারণে ট্রেনটি গাইবান্ধার মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। তবে জনবল সংকটসহ নানা অজুহাতে তিন বছরের মাথায় ২০১২ সালের ২৪ আগস্ট বন্ধ করে দেওয়া হয়।

 

পরে এটি চালুর জন্য আন্দোলন শুরু হয়। ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি বোনারপাড়া রেলওয়ে স্টেশনে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন ৩০ মিনিট অবরোধ করে রাখেন স্থানীয়রা।

 

এদিকে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুর পর ওই আসনের উপনির্বাচনের প্রচারে আওয়ামী লীগের প্রার্থী রিপন এ ট্রেন চালুর প্রতিশ্রুতি দেন। ট্রেন চালুর দাবিতে রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, নাগরিক সমাজসহ সর্বস্তরের মানুষের আন্দোলন এবং রিপনের প্রচেষ্টায় আজ ট্রেনটি চালু হয়। এতে সাশ্রয়ী ও নিরাপদ যোগাযোগ ব্যাবস্থা হলো গাইবান্ধা থেকে পঞ্চগড় পর্যন্ত লাখো মানুষের।।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।