Thursday, 24 September 2026
শিরোনাম
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আ. লীগের পাল্টাপাল্টি স্লোগান হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলা, মারধরের শিকার তরুণী বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: কিশোর গ্রেপ্তার বাংলাদেশে মেটার কার্যালয় খোলার আমন্ত্রণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮তম জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা রাবির সিয়াম ভারতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
জাতীয়

ফুডপান্ডার ৫ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা, মিললো আগাম জামিন

• 24 Sep 2026, 10:19 AM • পঠিত 5 বার
শেয়ার করুন:
ফুডপান্ডার ৫ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা, মিললো আগাম জামিন

প্রতারণা, অর্থ আত্মসাৎ ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় ফুডপান্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দা আমবারীন রেজাসহ শীর্ষ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন ঢাকার আদালত। তবে ফুডপান্ডা কর্তৃপক্ষ জানিয়েছে, পরোয়ানা জারির আগেই হাইকোর্ট থেকে তাঁদের কর্মকর্তারা আগাম জামিন পেয়েছেন।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন। মামলার বাদী শিহাব মাহমুদ বশির বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মামলার আসামিরা হলেন ফুডপান্ডা বাংলাদেশের কো-ফাউন্ডার ও এমডি সৈয়দা আমবারীন রেজা (৪০), কো-ফাউন্ডার ও পরিচালক জুবায়ের সিদ্দিকী (৪৬), পান্ডামার্টের পরিচালক মো. তাবরেজ খান (৪০), হেড অব ক্যাটাগরি দিলারা ফারুক (৪৫) এবং সিনিয়র ম্যানেজার মোহাম্মদ সাজেদুল হক (৪২)।

 

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৩ জুলাই প্রায় ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী ও ফার্স্ট টেলি সেলস কোম্পানির স্বত্বাধিকারী শিহাব মাহমুদ বশির ঢাকার আদালতে আলাদা চারটি মামলা করেন। তখন আদালত মামলাগুলো আমলে নিয়ে গুলশান থানাকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।

 

তদন্ত শেষে এক মামলায় গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান এবং আরেক মামলায় একই থানার এসআই মো. সাখাওয়াত হোসেন প্রতিবেদন দাখিল করেন। বুধবার আদালত সেই প্রতিবেদন গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

 

 

মামলার অভিযোগে বলা হয়, বাদী আইপিএলই ইলেকট্রনিক্সের মাধ্যমে হাউজহোল্ড ও কিচেন অ্যাকসেসরিজ, মোবাইল অ্যাকসেসরিজসহ বিভিন্ন পণ্য আমদানি করে ফুডপান্ডার সহযোগী প্রতিষ্ঠান পান্ডামার্টে সরবরাহ করতেন। ২০২২ সালের জুন থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ক্রয়াদেশের মাধ্যমে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার পণ্য সরবরাহ করা হয়। এর বিপরীতে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা পরিশোধ করা হলেও বাকি প্রায় ১ কোটি টাকা দেওয়া হয়নি।

 

বিজ্ঞাপন

 

অভিযোগে আরও বলা হয়, গত বছরের ২৬ জুন বাদীর প্রতিনিধি আসামিদের অফিসে পাওনা টাকা চাইতে গেলে তাকে ভয় দেখানো ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ছাড়া সরবরাহ করা পণ্য নষ্ট হয়েছে দেখিয়ে ভুয়া ফেরত চালান তৈরি করে পাওনা কমিয়ে দেখানোর চেষ্টার অভিযোগও রয়েছে। পাশাপাশি চুক্তির শর্ত ভেঙে ভ্যাট, ট্যাক্স ও বিজ্ঞাপন বাবদ প্রায় ১০ লাখ টাকা কেটে নেওয়ার অভিযোগ করেছেন বাদী।

 

 

বুধবার এক বিবৃতিতে ফুডপান্ডা জানায়, আইন মান্যকারী প্রতিষ্ঠান হিসেবে ফুডপান্ডা ও এর ভগিনী প্রতিষ্ঠান ডেলিভারি হিরো স্টোরস (বাংলাদেশ) দেশের প্রচলিত আইন ও বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। তাদের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তারা এর মোকাবিলা করবে এবং প্রমাণ করবে যে তাদের কোনো কর্মী ফৌজদারি অপরাধে জড়িত নন।

 

 

বিবৃতিতে আরও বলা হয়, ম্যাজিস্ট্রেট আদালতের পরোয়ানা এ ধরনের মামলায় একটি স্বাভাবিক আইনি ধারা মাত্র। ইতিমধ্যে হাইকোর্ট থেকে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর জামিন মঞ্জুর হয়েছে।

 

 

ফুডপান্ডার দাবি, বাদী শিহাব মাহমুদ বশিরের দেওয়া চেক প্রত্যাখ্যাত (বাউন্স) হওয়া এবং তার কাছে কোম্পানির পাওনা টাকা নিয়ে বাণিজ্যিক বিরোধের জেরেই এসব মামলা করা হয়েছে। প্রতিষ্ঠানটির অভিযোগ, নিজের আর্থিক দায় এড়ানো, পরিচালনা পর্ষদকে হয়রানি করা ও কোম্পানির ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বাদী এই প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।