গাজা উপত্যকায় একের পর এক নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত চার হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
ইসরায়েলের এ বর্বোরোচিত হামলার প্রতিবাদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিক্ষোভ করেছেন লাখো মানুষ। স্থানীয় সময় শনিবার (২১ অক্টোবর) দুপুরে এ বিক্ষোভে অংশ নেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, অন্তত এক লাখ মানুষ এ বিক্ষোভে অংশ নেন। তাঁরা ডাউনিং স্ট্রিটের দিকে এগোতে থাকেন। এর দেড় ঘণ্টা পরও বিক্ষোভ মিছিলে যোগ দেন মানুষ।
বিক্ষোভকারীরা প্রথমে মার্বেল আর্চের সামনে জড়ো হন। এ সময় তাঁদের হাতে ‘মুক্ত ফিলিস্তিন চাই’ ও ‘গাজায় বোমাবর্ষণ বন্ধ করো’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন এ বিক্ষোভের সহ-আয়োজক। তাঁরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এ ছাড়া সেখানে পুরোদমে মানবিক সহায়তা পৌঁছে দিতে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন।
ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ। এ সময় পুরো এলাকা যেন জনসমুদ্র পরিণত হয়। চারদিকে অনবরত একটি স্লোগান ভেসে বেড়াচ্ছিল, ‘ফিলিস্তিন মুক্ত হবে। ’
এদিকে গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বেশ কয়েকটি আরব দেশে ফিলিস্তিনের ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে।





