Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রেমিকের জন্য পায়রা সেতু থেকে কলেজছাত্রীর নদীতে ঝাঁপ

admin • 12 Jan 2026, 08:38 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রেমিকের জন্য পায়রা সেতু থেকে কলেজছাত্রীর নদীতে ঝাঁপ

পটুয়াখালীর দুমকিতে প্রেমিকের ওপর অভিমান করে পায়রা সেতু (লেবুখালী ব্রিজ) থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন তানজিলা নামে এক কলেজছাত্রী। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। 

তবে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ওই ছাত্রীকে স্থানীয় জেলে ও সেনাসদস্যদের তড়িৎ সহায়তায় উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া শিক্ষার্থী তানজিলা বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, একই এলাকার বাসিন্দা এবং বর্তমানে রংপুর সেনানিবাসে কর্মরত সেনাসদস্য সজিবের সাথে তানজিলার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন বিকেলে ফোনে কথা বলার সময় সজিবের সাথে তার তীব্র বাকবিতণ্ডা ও মতবিরোধ হয়। এর জের ধরে ক্ষোভে ও অভিমানে তিনি পায়রা সেতুর ওপর থেকে নদীতে ঝাঁপ দেন। 

 

তানজিলাকে নদীতে ঝাঁপ দিতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করলে লেবুখালী সেনানিবাসের সেনাসদস্যরা বিষয়টি তাৎক্ষণিক লক্ষ্য করেন। তারা জেলেদের নৌকার সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে তানজিলাকে জীবিত উদ্ধার করেন এবং লেবুখালী ইসলামিয়া হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, অনেক উচ্চতা থেকে নদীতে পড়ার কারণে তিনি কিছুটা আঘাত পেলেও তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। 

 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীর পরিবারকে অবহিত করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ওই শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবার দুমকির উদ্দেশ্যে রওনা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।