Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয় এক্সক্লসিভ

প্রধানমন্ত্রীর আশ্বাসে শাহবাগ অবস্থান স্থগিত করলো চিকিৎসকরা

admin • 10 Jul 2023, 09:09 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর আশ্বাসে শাহবাগ অবস্থান স্থগিত করলো চিকিৎসকরা

প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা বলার আশ্বাসে শাহবাগ অবস্থান কর্মসূচি আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছেন ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভুক্ত পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। তবে, পূর্ব নির্ধারিত কর্মবিরতি চলবে বলেও জানিয়েছেন তারা।

সোমবার (১০ জুলাই) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. মো. হাবিবুর রহমান সোহাগ। এর আগে বিকেলে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেন।

ডা. সোহাগ বলেন, প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছেন। ফলে আমরা আমাদের পূর্ব নির্ধারিত মঙ্গলবার (১১ জুন) শাহবাগ অবরোধ কর্মসূচি স্থগিত করেছি। যদিও আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি, তারপরও কিছু লোক আমাদের আন্দোলনকে রাজনৈতিক ট্যাগ দিয়ে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে। আমরা তাদের কোন সুযোগ দিতে চাই না।

তিনি বলেন, আমাদের দাবি-দাওয়া কাগজপত্র নিয়ে প্রধানমন্ত্রীর এপিএসের সঙ্গে দেখা করি। তিনি আমাদের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলেন। এপিএস আমাদের আশ্বাস দেন, প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে দুই-তিন দিনের মধ্যে দেখা করবেন। আশা করছি প্রধানমন্ত্রী আমাদের কষ্ট বুঝবেন এবং দাবি মেনে নেবেন।

এর আগে ভাতা বাড়ানোর দাবিতে কর্মবিরতি ও গণ-অনশন কর্মসূচি পালন করে আসছিলেন বিএসএমএমইউ ও বিসিপিএস অধিভুক্ত পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।

 

এরপর দাবি আদায়ে শাহবাগ ও বিএসএমএমইউতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তারা। পাশাপাশি সোমবার (১০ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি নিয়ে যান। চিকিৎসকদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর এপিএস-১ ইসমাত মাহমুদা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।