জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নিচ্ছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় সভায় জামায়াতে ইসলামীর নেতারা অংশ গ্রহণ করবেন। সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে বৈঠকে ৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল অংশ নেবেন।
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, সব দলকে এ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। ঘোষণাপত্রের একটি খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে।
গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঘোষণাপত্র দেয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। মূলত বিএনপির বিরোধিতার কারণেই ঘোষণাপত্র দেয়ার ওই কর্মসূচি বাতিল করতে বাধ্য হয় বৈষম্যবিরোধীরা।





