দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার পর যাচাই-বাছাইয়ে বাদ পড়া ৫৬১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন। তার মধ্যে আজ প্রথম দিন ৫৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ শুনানি হয়।
প্রথম দিনে ৯৪ জনের আপিল আবেদনের শুনানি হয়েছে। এসব আবেদনের মধ্যে ৫৬ জন তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন। এছাড়া ৩২ জনের প্রার্থিতা নামঞ্জুর হয়েছে এবং ছয়টিই আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০ নভেম্বর নির্ধারিত সময়ে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা হয় দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১ জনের এবং বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র।
রোববার শুরু হওয়া এ আপিল পর্যায়ক্রমে ছয় দিন চলবে। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও ব্যক্তি চাইলে উচ্চ আদালতেও যেতে পারবেন।
প্রার্থিতা ফিরে পেতে আপিল দায়ের শেষ হয়েছে শনিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। এরপরই চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে।
তারপর রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। এরপর প্রচারে নামবেন প্রার্থীরা, যা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট হবে ৭ জানুয়ারি।





