Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

পার্কে ঘুরতে গিয়ে খুজে পেলেন হীরা

admin • 23 Dec 2023, 11:05 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পার্কে ঘুরতে গিয়ে খুজে পেলেন হীরা

পার্কে হাটতে হাটতে হঠাৎ কাচের টুকরোর মতো কিছু একটা চোখ পড়তেই ভুলো মনে পকেটে তুলে রাখেন মার্কিন নাগরিক জেরি ইভানস। পরে দেখা যায় তুচ্ছ সে কাচের টুকরোটি এক অতি মূল্যবান হীরার টুকরো।

 

যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের পার্ক, ঐতিহ্য ও পর্যটন বিভাগ জানায়, মারফ্রিসবোরোর শহরের ক্রেটার অব ডায়মন্ড স্টেট পার্কে খুঁজে পাওয়া ওই হীরাটি ৪ দশমিক ৮৭ ক্যারেটের।

 

ইভানস সেই টুকরাটি আসলে কিসের তা নিশ্চিত হওয়ার জন্য সেটি জেমোলজিক্যাল ইন্সটিটিউট অব আমেরিকাতে পাঠান। কয়েক সপ্তাহ পর তাকে জানানো হয়, ছোট্ট এই টুকরাটি হীরা।

 

ইভানস অবশ্য খুশিতে আত্মহারা হয়ে হীরাটির নাম দিয়েছেন ‘ইভানস ডায়মন্ড’। পরে ইভানস চলে যান পার্ক কর্তৃপক্ষের কাছে। তাদের জানিয়ে দেন, পার্কে ঘুরতে গিয়ে তিনি হীরা পেয়েছেন।

 

ক্রেটার অব ডায়মন্ড স্টেট পার্কের সহকারী তত্ত্বাবধায়ক ওয়েমন কক্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমি খুবই আনন্দিত যে ইভানস তাঁর ঐতিহাসিক হীরাটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত করতে পার্কে এনেছিলেন। আমি অনেক মানুষের কাছে অনেক ই–মেইল পাই, যারা তাদের খুঁজে পাওয়া বস্তুগুলো শনাক্ত করার অনুরোধ করেন। ইভানসকেই প্রথম পেলাম, যিনি জেমোলজিক্যাল ইন্সটিটিউটে পাঠিয়ে শনাক্ত করার পর আমার কাছে এলেন।’

 

কক্স বলেন, ‘ইভানসের পাওয়া হীরাটি দর্শনীয়। এটি উজ্জ্বল সাদা রঙের স্ফটিক। অতীতে আমার দেখা এমন অনেক বড় হীরার কথা মনে পড়ে গেল।’

 

দ্য স্টেট পার্ক বিভাগ জানায়, ২০২০ সালে ৯ দশমিক শূন্য ৭ ক্যারেটের একটি বাদামি হীরা পাওয়া গিয়েছিল। এরপর ইভানসের পাওয়া হীরাটিই সবচেয়ে বড়। ২০২৩ সালে ওই পার্ক থেকে পাওয়া ৭৯৮টি হীরার নিবন্ধন হয়েছে।

 

প্রসঙ্গত, ক্রেটার অব ডায়মন্ড স্টেট পার্কে আগে থেকেই হীরা খুঁজে পাওয়ার ইতিহাস রয়েছে। ১৯৭২ সালে পর থেকে এখন পর্যন্ত ৭৫ হাজারেও বেশি হীরা খুঁজে পাওয়া গেছে। যার মধ্যে, শুধু ২০২৩ সালেই পাওয়া গেছে ৭৯৮ টি হীরার টুকরা।

 

সুত্রঃ ইন্ডিয়া টুডে

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।