Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ইটের নিচে পুঁতে রাখা হয়েছিল ১৪৪৪ লিটার টিসিবির ভোজ্য তেল

admin • 01 Mar 2026, 08:59 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইটের নিচে পুঁতে রাখা হয়েছিল ১৪৪৪ লিটার টিসিবির ভোজ্য তেল

জামালপুরে এক পরিত্যক্ত গোডাউন থেকে টিসিবির ১৪৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করেছে র‌্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

 

রোববার (১ মার্চ) বিকেলে শহরের বাগেরহাটা বটতলা এলাকায় র‌্যাব-১৪ ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে এসব তেল জব্দ করা হয়।

 

জানা যায়, রোবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নূর রাইস মিলের একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। সেখানে ইট দিয়ে পুতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে দুই লিটার করে মোট ১৪৪৪ লিটার তেল জব্দ করা হয়েছে।

 

অভিযান সংশ্লিষ্টরা জানান, উদ্ধার হওয়া অধিকাংশ বোতল থেকে টিসিবির মোড়ক ও সনাক্তকারী প্লাস্টিক অংশ সরিয়ে ফেলা হয়েছিল। ধারণা করা হচ্ছে, সরকারি এই পণ্য অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। এর আগে আরও কিছু বোতল বিক্রি করা হয়েছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

 

এ বিষয়ে র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করা হয়েছে। বোতলগুলোর মোড়ক খুলে ফেলার চেষ্টা করা হয়েছিল। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

জামালপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়। তদন্ত শেষে এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।