কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় বাসায় ঢুকে ছুরিকাঘাতে সানজিদা আক্তার (রেশমি) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
গুরুতর আহত অবস্থায় সানজিদাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, টেকপাড়ার একটি ভাড়া বাসায় ১২ বছর বয়সী ছেলে সন্তানকে নিয়ে বসবাস করতেন সানজিদা। একটি মুদির দোকান থেকে বাকিতে কেনাকাটার সূত্রে ব্যবসায়ী শফিউল আলম সওদাগরের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
এই সম্পর্ককে কেন্দ্র করে বিরোধের জেরে মঙ্গলবার রাতে শফিউল আলমের স্ত্রী ইয়াসমিনসহ কয়েকজন নারী সানজিদার বাসায় যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে সানজিদার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এ সময় তার ছেলে সাব্বির চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে কয়েকজনকে আটক করে পুলিশে খবর দেন।
নিহতের ছেলে সাব্বির জানায়, ঘটনার সময় বাসায় তার মা ছাড়াও আরও দুইজন পুরুষ ছিলেন। পরে কয়েকজন নারী এসে তার মায়ের ওপর হামলা চালান এবং তাদের হাতে ধারালো অস্ত্র ছিল।
স্থানীয় সমাজকর্মী ডালিম ও রিয়াদ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আহত সানজিদাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। সানজিদার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারদোনা এলাকায় হওয়ায় ঘটনাস্থলে তার নিকটাত্মীয় কেউ উপস্থিত ছিলেন না।
হাসপাতালে নিহতের সাবেক স্বামী ইমন কন্ট্রাক্টর জানান, ঘটনার বিষয়ে তিনি আগে কিছু জানতেন না। খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়ে তিনি জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানান।
কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক সুমন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় তিনজনকে আটক করেছে। এ ঘটনায় তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।





