রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের বিলুপ্ত প্রজাতির একটি বড় ঢাই মাছ। বিশাল এই মাছটি বিক্রি হয়েছে প্রায় ১ লাখ ৪ হাজার টাকায়।
বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) ভোরে জেলে জীবন হলদারের জালে মাছটি ধরা পড়ে। এরপর সকালে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে উন্মুক্ত নিলাম মাছটি ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে ১ লাখ ৩ হাজার ৯৬০ টাকায় বিক্রি হয়।
জেলে জীবন হলদার বলেন, বৃহস্পতিবার ভোরে জাল তুলতেই ২২ কেজি ওজনের ঢাই মাছটি দেখতে পান। জীবনে এত বড় ঢাই মাছ আর কোনদিন দেখেননি। পরে বিক্রির জন্য নিয়ে এলে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি ক্রয় করেন।
শাহজাহান শেখ বলেন, 'আমি ৪০ বছর ধরে আড়ত থেকে মাছ ক্রয় করি। আমার জীবনে এত বড় ঢাই মাছ দেখিনি। ঢাই মাছ সাধারণ ১০ থেকে ১২ কেজি পর্যন্ত হয়। কিন্তু ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের ঢাই মাছটি দেখে আমিও অবাক হয়েছি।' মাছটি কেজিতে ২০০ টাকা লাভে বিক্রি করে দিবেন বলে জানান তিনি।
জেলা মৎস্য কর্মকর্তা মো. নজমুল হুদা বলেন, ২২ কেজি ওজনের ঢাই মাছ পাওয়া জেলেদের জন্য ভাগ্যের ব্যাপার। ঢাই মাছ সাধারণ বিলুপ্ত প্রজাতির মাছ। সচরাচর এই মাছ পাওয়া যায় না।





