Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে একদল শিক্ষার্থীর মানববন্ধন

admin • 08 Apr 2026, 10:18 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে একদল শিক্ষার্থীর মানববন্ধন

পরীক্ষায় অতিরিক্ত কঠোর নিয়ম ও অপ্রয়োজনীয় আইন প্রত্যাহারসহ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে পঞ্চগড়ে হঠাৎ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে একদল শিক্ষার্থী।

 

বুধবার দুপুরে ‘এসএসসি ২০২৬-২৭ ব্যাচ’ ব্যানারে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়–ঢাকা মহাসড়কের এক পাশে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা শহর ও এর আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

 

এ কর্মসূচিতে ব্যরিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউটের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র আনাস হৃদয়, একই শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক শাখার শিক্ষার্থী ময়না, ইতি আক্তার, পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান, পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জুনায়েদ আল হাবীব প্রমুখ বক্তব্য দেয়।

 

এ সময় শিক্ষার্থীরা জানায়, জুলাই গণ–অভ্যুত্থান, সিলেবাস-কারিকুলাম পাল্টানো এবং বই দেরিতে পাওয়াসহ বিভিন্ন কারণে এবারের এসএসসি পরীক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারেনি। এর মধ্যে পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। আগের নিয়মে পরীক্ষা হলে শিক্ষার্থীরা তেমন চাপ অনুভব করত না। এবার নতুন নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে।

 

একজন শিক্ষার্থী তার বক্তব্যে বলে, ‘কেন্দ্রে সিসি ক্যামেরা পূর্ণাঙ্গভাবে থাকবে, মাথা ঘোরাতে দেওয়া হবে না। চার ফুটের বেঞ্চে একজন, ছয় ফুটের বেঞ্চে দুজন বসানো হবে। এসব নিয়ম আমাদের চাপিয়ে দিয়ে আমাদের ভয় দেখানো হচ্ছে। আমরা চাই, পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হোক। যেন আমরা কিছুটা হলেও লিখতে পারি। আর শিক্ষামন্ত্রী যদি এই দাবি না মানেন, তাহলে তাঁকে পদত্যাগ করতে হবে।’

 

এর আগে দুপুর ১২টার দিকে জেলা পরিষদ ভবনের সামনে জড়ো হয়ে এসএসসি পরীক্ষার্থীরা একটি ব্যানার নিয়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। এ সময় তারা, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে’, ‘শিক্ষামন্ত্রীর অনিয়ম মানি না মানব না’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।