পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভাঙারি কিনতে গিয়ে উদ্ধার হওয়া একটি পরিত্যক্ত মর্টার শেল সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে।
রোববার (৮ মার্চ) দুপুরে তেঁতুলিয়া উপজেলার আজিজ নগড় এলাকায় নিরাপদ স্থানে মর্টার শেলটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম।
তিনি জানান, সীমান্ত ও লোকালয় থেকে নিরাপদে নিয়ে বোম ডিসপোজাল টিম মর্টার শেলটি নিষ্ক্রিয় করেছে। এসময় বিজিবির পাশাপাশি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি দুপুরে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের রণচন্ডী এলাকায় ভাঙারির দোকানের মালিক আশরাফুল আলম স্থানীয় এক নারীর কাছ থেকে পুরাতন লোহার বস্তু মনে করে একটি ভারী বস্তু ক্রয় করেন। পরে বস্তুটি নিয়ে সন্দেহ হলে তিনি বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি পরীক্ষা করে সেটি মর্টার শেল বলে নিশ্চিত হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
পরে আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে এসে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে মর্টার শেলটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করে।





