Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পঞ্চগড়ে ধসে গেছে স্লুইস গেট, পানির নিচে ২শ’ হেক্টর জমির রোপা আমন

admin • 13 Aug 2025, 10:26 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে ধসে গেছে স্লুইস গেট, পানির নিচে ২শ’ হেক্টর জমির রোপা আমন

পঞ্চগড়ে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পানির তোড়ে ধসে গেছে কুচিয়া মোড় স্লুইস গেট। এতে করে সদর উপজেলার কুচিয়ামোড় ও বন্দরপাড়া এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছে। এছাড়া, গরিনা বাড়ি ইউনিয়নের সীমান্তবর্তী ১৫টি গ্রামের ২শ’ হেক্টর জমিতে রোপন করা আমন ক্ষেত ডুবে গেছে।

স্থানীয়রা জানায়, কুচিয়া মোড় সংলগ্ন স্লুইস গেট ধসে যাওয়ায় কাজল দিঘি ইউনিয়নের কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। বিকল্প পথে কমপক্ষে ৮ থেকে ১০ কিলোমিটার ঘুরে জেলা শহরের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে তাদের। নদীতে ভেসে গেছে গেটের দুই পাশে থাকা বেশ কিছু  স্থাপনা। এছাড়াও টানা বৃষ্টিতে শহরের কামাতপাড়া, তুলার ডাংগা, নিমনগর, উত্তর জালাসিসহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

কুচিয়ার মোড় এলাকার স্থানীয় বাসিন্দা আবেদ আলী জানান, আমাদের এখানে কয়েকটি বাড়ি ও দোকানের বিভিন্ন মালামাল নদীতে ভেসে গেছে। সব মিলিয়ে দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। ধসে গেছে স্লুইস গেট, পানিবন্দি হাজারো মানুষ।

অটোচালক রফিকুল ইসলাম জানান, স্লুইস গেটটি ছিল আমাদের যাতায়াতের ভরসা। সেটি ধসে যাওয়ায় জরুরি রোগী হাসপাতালে নেয়া সম্ভব হচ্ছে না। আমাদের কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে হলে ৮-১০ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হচ্ছে।

কুচিয়া মোড় মাদরাসার প্রধান শিক্ষক মনিরা খাতুন জানান, স্লুইস গেটটি ধসে যাওয়ায় স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা যাতায়াত করতে পারবে না। তাদের কথা ভেবে দ্রুত একটি অস্থায়ী সেতু নির্মাণ করা জরুরি।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন জানান, স্লুইস গেটটি ধসে যাওয়ার খবর শুনে সরজমিন পরিদর্শনে গিয়েছিলাম। ওই ব্রিজ সংস্কারে টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছিল কিন্তু এর মধ্যে সেটি ভেঙে গেছে। নতুন ব্রিজ নির্মাণে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।