প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ন্যায় বিচার মানুষের প্রাপ্তি সাংবিধানিক অধিকার। সেই অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগ আগের চেয়ে আরো গতিশীল হয়েছে। আদালতে বিচারিক কার্যক্রম সম্প্রসারণ ও সেবা প্রত্যাশীদের জন্য কোর্ট চত্বরে সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় নওগাঁ জেলা জজ কোর্ট চত্ত্বর এলাকায় বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায় কুঞ্জ’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, বিপদ না হলে মানুষ আদালতের আশ্রয় নেয় না। বিপদগ্রস্ত মানুষ আদালতে এসে সাময়িক এই ন্যায় কুঞ্জে নিরাপদে আশ্রয় নিতে পারবেন। এছাড়া সাক্ষীরা এখানে নিরাপদে সাক্ষ্য প্রদান করে যেতে পারবেন। এতে ধিরে ধিরে আইনের জটিলতা কমে আসবে। আমরা বিচার ব্যবস্থাকে আরো প্রগতির পথে নিয়ে যেতে পারবো।
উদ্বোধন অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের বিচারপতি রাশেদ জাহাঙ্গীর, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের রেজিষ্টার মুন্সি মো. মশিয়ার রহমান, নওগাঁ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মেহেদী হাসান তালুকদার, জেলা প্রশাসক গোলাম মওলা, পুলিশ সুপার মুহাম্মদ রাশেদুল হক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান বিচারপতি আদালত চত্বর এলাকায় একটি ফলের চারা রোপণ করেন। দেশের প্রতিটি আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায় কুঞ্জ’ স্থাপন প্রকল্পের আওতায় নওগাঁয় ৪৭ লাখ ৪৭ হাজার টাকা ব্যায়ে ‘ন্যায় কুঞ্জ’ নির্মাণ করেন গণপূর্ত বিভাগ।





