Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় ধর্ম জবস্ কৃষি ও প্রকৃতি ক্যাম্পাস ক্রিকেট গণমাধ্যম প্রবাস ফুটবল শোক দিবস

নিরাপত্তা বাহিনীর কোনো সদস্যকে বরখাস্ত করা হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

admin • 24 Nov 2024, 10:17 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নিরাপত্তা বাহিনীর কোনো সদস্যকে বরখাস্ত করা হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের সুপারিশে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্যকে বরখাস্ত করা হয়নি বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়েছে, ‘বেশ কয়েকটি টিভি চ্যানেল এটি নিয়ে ভুল সংবাদ প্রচার করছে। গুম বিষয়ক তদন্ত কমিশনের প্রধান, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এমন কোনো সুপারিশ কমিটি থেকে করা হয়নি।

 

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের সুপারিশের ভিত্তিতে দেশের নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যকে বরখাস্ত করা হয়েছে, তথ্যটি মিথ্যা। এটি একটি ভুয়া খবর।’

 

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গত ২৭ আগস্ট তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এতে সভাপতি করা হয় হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে। কমিশনের বাকি সদস্যরা হলেন, হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকারকর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকারকর্মী সাজ্জাদ হোসেন।

 

সে সময় জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, কমিশনস অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬ এর তিন নম্বর ধারার ক্ষমতাবলে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা (এসবি), গোয়েন্দা শাখা (ডিবি), আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), কোস্ট গার্ডসহ দেশের আইন প্রয়োগকারী কোনো সংস্থার সদস্যের মাধ্যমে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে এই তদন্ত কমিশন গঠন করা হলো।

 

৪৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে এই কমিশনের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।