Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

নারী স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়ে করলে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট

admin • 03 Aug 2026, 04:55 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নারী স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়ে করলে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট

প্রাপ্তবয়স্ক কোনো নারী স্বেচ্ছায় ইসলাম গ্রহণ, নিজের পছন্দের ব্যক্তিকে বিয়ে এবং ভবিষ্যৎ জীবন সম্পর্কে সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও হস্তক্ষেপের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ভারতের এলাহাবাদ উচ্চ আদালত। একই সঙ্গে উত্তর প্রদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দুই নারীর বাবাকে আগামী ৬ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, দিব্যা ভাটিয়া ওরফে জোয়া দিয়া ভাটিয়া এবং অংশু ভাটিয়া ওরফে আমিনা অংশু ভাটিয়ার পক্ষে করা এক আবেদনের শুনানিতে বিচারপতি সন্দীপ জৈন এ পর্যবেক্ষণ দেন। আবেদনে অভিযোগ করা হয়, হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ এবং নিজেদের পছন্দের ব্যক্তিকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার পর তাদের বাবা বেআইনিভাবে দুই বোনকে আটকে রেখেছেন।

আদালত বলেন, দুই নারীই প্রাপ্তবয়স্ক। তাই ধর্ম, বিয়ে, বসবাস ও ভবিষ্যৎ জীবন নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ আইনগত অধিকার তাদের রয়েছে। আদালতের মতে, অভিযোগগুলো সত্য প্রমাণিত হলে তাদের ব্যক্তিগত সিদ্ধান্তে বাবাসহ অন্য কারও হস্তক্ষেপ সংবিধানপ্রদত্ত মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা, স্বাধীনতা এবং নিজ সিদ্ধান্ত গ্রহণের অধিকারের পরিপন্থী হবে।

আবেদনে আরও বলা হয়, দুই বোন বাবার ইচ্ছার বিরুদ্ধে ইসলাম গ্রহণ করেছেন এবং ভিন্ন ধর্মাবলম্বী দুই ব্যক্তিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে তাদের বাবা স্থানীয় পুলিশের কিছু সদস্যের সহযোগিতায় দুই মেয়েকে বেআইনিভাবে আটকে রেখেছেন এবং চলাফেরার স্বাধীনতায় বাধা সৃষ্টি করেছেন।

তবে আদালত জানিয়েছেন, দুই নারী সত্যিই স্বাধীনভাবে এসব সিদ্ধান্ত নিয়েছেন কি না এবং তারা বেআইনিভাবে আটক বা নিয়ন্ত্রণের মধ্যে আছেন কি না, তা নিশ্চিত করাই আদালতের প্রধান দায়িত্ব।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, আবেদনের তথ্য অনুযায়ী দুই নারী স্বেচ্ছায় হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন এবং নিজেদের পছন্দ অনুযায়ী বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন।

এ ঘটনায় আগামী ৬ আগস্ট দুই নারীকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। সেদিন তাদের সঙ্গে সরাসরি কথা বলে সিদ্ধান্তগুলো স্বেচ্ছায় নেওয়া হয়েছে কি না এবং বর্তমানে তাদের অবস্থান আইনসম্মত কি না, তা যাচাই করবে আদালত।

এ ছাড়া নির্ধারিত দিনে দুই নারীকে আদালতে হাজির করা না হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ব্যক্তিগত হলফনামা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে আদালতের নির্দেশ বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, হাজির করতে ব্যর্থ হওয়ার কারণ এবং পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।