নারায়ণগঞ্জের খানপুর এলাকায় পাওয়ার স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় প্রায় দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। এ কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে শহরের অনেক এলাকা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, প্রায় দুই ঘণ্টাব্যাপী নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের ছয়টি ইউনিট চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।
তিনি আরও জানান, দুটি স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা বলতে পারবেন। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা পরে জানানো যাবে।





