আজ নববর্ষের দিনও চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর বলছে, আগামী তিন দিন দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এই সময় তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। তবে ১৬ এপ্রিলের পর কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে।
গতকাল শনিবারের মতোই আজ রোববারও সকাল থেকেই রাজধানীতে তপ্ত রোদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তেতে উঠতে শুরু করেছে সূর্য। গরম বাড়ার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে জীবনযাপনে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশেই মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে। এই অবস্থা থাকতে পারে আরও তিন দিন।
আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, ‘ময়মনসিংহ ও সিলেট বিভাগ ছাড়া দেশের বাকি অংশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে। এখন পর্যন্ত আমাদের যে প্রেডিকশন এটা আরও দুই থেকে তিনদিন অব্যাহত থাকার সম্ভাবনা আছে। অন্তত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এই কয়েকদিনে নেই। এ অনুযায়ী আমরা হিট অ্যালার্ট জারি করেছি সারা দেশে।’
আগামী কয়েকদিন নতুন এলাকায় বিস্তৃত হতে পারে তাপপ্রবাহ। তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। তবে, ১৬ এপ্রিলের পর বৃষ্টির সম্ভাবনা আছে কিছু জায়গায়।





