সিরাজগঞ্জের শাহজাদপুরে নদী থেকে পানি আনতে গিয়ে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত এশার আলীকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৪ মার্চ) ভোর ৬টার দিকে করতোয়া নদী থেকে পানি আনতে যায় শ্রীফলতলা গ্রামের ২৫ বছর বয়সি এক গৃহবধূ। ওই সময়ে একই গ্রামের এশার আলী (৪০) ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগী বিষয়টি পরিবারকে জানালে থানায় খবর দেওয়া হয়। এছাড়াও ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই এলাকাবাসী এশার আলীকে আটক করে রাখে। পরবর্তীতে শাহজাদপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছেন।





