জামালপুরের মেলান্দহ উপজেলায় নকল স্বর্ণের বার ও বিস্কুট দেখিয়ে প্রতারণার মাধ্যমে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে স্বর্ণের কানের দুল ও প্রতারণায় ব্যবহৃত নকল স্বর্ণের বিস্কুটসহ গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ও রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মেঘারবাড়ী এলাকার মৃত বেলাল শেখের ছেলে দুলাল শেখ (৩৭), মৃত জমশেদ আলীর ছেলে সুজন শেখ (৪৫), আব্দুল কুদ্দুসের ছেলে মো. রাশেদ (৪০) এবং পশ্চিম শ্যামপুর এলাকার চাঁন মিয়ার ছেলে আব্দুল হালিম (৩৫)। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে নকল স্বর্ণের বার ও বিস্কুট দেখিয়ে সাধারণ মানুষকে প্রলোভনে ফেলে স্বর্ণালংকার হাতিয়ে আসছিল। সর্বশেষ ঘটনায় তারা এক নারী ভুক্তভোগীর কাছ থেকে কৌশলে স্বর্ণের কানের দুল নিয়ে নেয়।
ঘটনার পর মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। এ সময় প্রতারণায় ব্যবহৃত নকল স্বর্ণের বিস্কুট এবং আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের প্রায় ৪ আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুলাল শেখের বিরুদ্ধে ছয়টি, আব্দুল হালিমের বিরুদ্ধে একটি, সুজন শেখের বিরুদ্ধে দুটি এবং রাশেদের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।
এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতার পরবর্তী সংঘবদ্ধ প্রতারক চক্রের অপরাধীদের আদালতের প্রেরণ করা হয়েছে। প্রতারক চক্রের পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।





