ভারতে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দ্বিতীয়বার বিয়ের জন্য তিনি প্রথম স্ত্রীকে হত্যা করেছেন বলে গতকাল শনিবার জানিয়েছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
পুলিশ একজন মুখপাত্র জানিয়েছেন, নিহত নারীর নাম আরতি দেবী। গত ২৭ অক্টোবর সাম্বা জেলার রামগড় এলাকার নন্দপুরের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এরপর মৃত্যুর কারণ খুঁজে বের করার জন্য তদন্ত কার্যক্রম শুরু করে পুলিশ। তদন্ত ও ময়নাতদন্তের কার্যক্রমের পর স্বামী গুরদীপ সিংকে বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।
পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, গুরদীপ সিংকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরদীপ হত্যার কথা স্বীকার করেছেন। দ্বিতীয় বিয়ের জন্য তিনি তাঁর স্ত্রীকে হত্যা করেছেন বলে জিজ্ঞাসাবাসে স্বীকার করেছেন গুরদীপ।





