কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড় ধসে নদীতে পড়ে নুরিয়া খাতুন (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। এসময় নদীতে পড়ে যাওয়া জামিলা খাতুন নামে অপর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ নুরিয়া খাতুন ওই এলাকার আশিক শেখের মেয়ে। এছাড়াও উদ্ধার হওয়া জামিলা খাতুন একই এলাকার ইজাজুল মণ্ডলের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ চলছিল। এ সময় নুরিয়া ও জামিলা জিও ব্যাগের ওপর বসে খেলছিল। হঠাৎ নদীর পাড় ধসে জিও ব্যাগসহ দুই শিশু নদীতে পড়ে যায়। এসময় ঘটনাস্থলের পাশে কর্মরত শ্রমিকরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত নদীতে ঝাঁপিয়ে পড়েন। তারা জামিলাকে উদ্ধার করতে সক্ষম হলেও প্রবল স্রোতের কারণে নুরিয়া নদীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা নদীর আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন,পদ্মার পাড় ধসে দুই শিশু নদীতে পড়ে যায়। এর মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ নুরিয়া খাতুনকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে।





