মেহেরপুর শহরের তাহের ক্লিনিক মোড়ে সোহানা বস্ত্রালয়ে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোররাতে একটি সংঘবদ্ধ চোরের দল দোকানের তালা ভেঙে ট্রাকে করে মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাজারের নৈশপ্রহরী দেশীয় অস্ত্র ঠেকিয়ে চোখে বেঁধে রাখে।
সোহানা বস্ত্রালয়ের সত্ত্বাধিকারী স্বপন ইসলাম জানান, রাত আড়াইটার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। ভোরে মুঠোফোনে তাকে জানানো হয় দোকানের মালামাল লুটের ঘটনা ঘটেছে। তিনি দোকানে এসে দেখেন তালা কেটে চোরের দল ভেতরে প্রবেশ করেছে। স্থানীয় একজন নারী তাকে জানান ভোরের দিকে দোকান থেকে একটি ট্রাকে মালামাল তুলতে দেখেন তিনি। পরে তিনি পুলিশে খবর দেন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম পুলিশের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে।
নৈশপ্রহরী শহিদুল ইসলাম জানান, রাত ৪ টার দিকে চারজন ব্যাক্তি একটি ট্রাক নিয়ে এই সড়কে ঘুরাঘুরি করছিলো। এক পর্যায়ে দেশীয় অস্ত্র তার বুকে তাক করে চোখ-মুখ বেঁধে ফেলে এক জায়গায় ফেলে রাখে। পরে কি হয়েছে তা কিছুই দেখননি।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, চোরের দল অভিনব কায়দায় এ চুরির কাণ্ড ঘটিয়েছে। চুরির সময় সিসি ক্যামেরা ও হার্ডডিস্কও নিয়ে গেছে। তবে সাইবার টিমসহ পুলিশের বেশ কয়েকটি দল কাজ করছে।





