অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনষ্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের তথ্য পাঠাতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাদের এ তথ্য পাঠাতে হবে বলে অধিদপ্তরের এক চিঠিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আপনার নিয়ন্ত্রনাধীন এলাকায় অবস্থিত অনিবন্ধিত (লাইসেন্স বিহীন) বেসরকারী- হাসপাতাল/ক্লিনিক, ডায়াগনষ্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের তালিকা বিনা ব্যর্থতায় ৭ কর্মদিবসের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
সম্প্রতি খতনা করানোর সময় সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশু আয়ান। শিশুটির পরিবারের অভিযোগ, গত ৩১ ডিসেম্বর আয়ানকে ফুল অ্যানেস্থেশিয়া দিয়ে খতনা করায় অপারেশনের কয়েক ঘণ্টা পরও জ্ঞান না ফেরায় সেখান থেকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয় আয়ানকে। সেখানে ৭ দিন পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) লাইফ সাপোর্টে রাখার পর গত ৭ জানুয়ারি আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
পরে জানা যায়, বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালটির অনুমোদনই ছিল না। এরপরপরই অনুমোদনহীন হাসপাতাল–ক্লিনিকের বিষয়টি আলোচনায় আসে।





