Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেশে রাজনীতি নিষিদ্ধ,কলকাতায় 'পার্টি অফিস' খুলেছে আ.লীগ: বিবিসি বাংলা

admin • 08 Aug 2025, 05:11 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দেশে রাজনীতি নিষিদ্ধ,কলকাতায় 'পার্টি অফিস' খুলেছে আ.লীগ: বিবিসি বাংলা

কলকাতা লাগোয়া উপনগরীতে ‌‘দলীয় দফতর’ খুলেছে বাংলাদেশে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ। সেখানকার একটি বাণিজ্যিক কমপ্লেক্সে তারা এ অফিস খুলেছে বলে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে।

 

খবরে বলা হয়, এর আগে ২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরের কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করছেন, তারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলীয় দফতরের কাজকর্ম চালাতেন নিজেদের বাসাবাড়িতেই।

 

বড় বৈঠকগুলি অবশ্য করতে হতো কোনো রেস্তরা বা ব্যাঙ্কয়েট হল ভাড়া করে। সে কারণেই একটা নির্দিষ্ট ‘পার্টি অফিস’ দরকার ছিল বলে জানান আওয়ামী লীগের নেতারা।

 

তবে ‍ওই অফিসে কোনো সাইন বোর্ড, শেখ হাসিনা অথবা শেখ মুজিবুর রহমানের কোনো ছবি কোথাও নেই ঘরটির বাইরে বা ভেতরে। আওয়ামী লীগের একজন নেতা বিবিসি বাংলাকে বালেন, ‘বঙ্গবন্ধু বা নেত্রীর কোনো ছবি, সাইনবোর্ড কোনো কিছুই আমরা রাখিনি খুবই সচেতন ভাবে। আমরা চাইনি যে এ ঘরটার পরিচিতি প্রকাশ করতে। এমনকি একটা দলীয় দফতরে যেসব ফাইল ইত্যাদি থাকে, সেসবও এখানে রাখা হয় না। নিয়মিত দেখা-সাক্ষাৎ, বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল, এটা পাওয়া গেছে। এটাকে আমরা পার্টি অফিসই বলি, কিন্তু আদতে এটা একটা বাণিজ্যিক অফিস।’

 

গত বছরের পাঁচই অগাস্টের পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর অনেক শীর্ষ নেতা এবং সাবেক মন্ত্রীই কলকাতা বা তার আশপাশের অঞ্চলে বাসা ভাড়া নিয়ে থাকছেন বলে জানা যায়। এর বাইরে বিভিন্ন পেশাজীবী, সরকারি কর্মচারী, পুলিশ কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও চলে এসেছেন ভারতে। মাস ছয়েক আগে আওয়ামী লীগের সূত্রগুলি জানিয়েছিল যে অন্তত ৭০ জন সংসদ সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন জেলার সভাপতি-সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র সহ শীর্ষ নেতৃত্বের প্রায় দুশো জন কলকাতা ও সংলগ্ন অঞ্চলে থাকছেন। তারাই এখানে যাতায়াত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।