দেশে নতুন করে বিপদের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। তাই, ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে মহিলা দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি।
এসময় মির্জা ফখরুল বলেন, এই সময়টা অত্যন্ত সতর্কতার সঙ্গে পাড়ি দিতে হবে। অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার কাজ হাতে নিয়েছে সেগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাহলেই জনগণের আকাঙ্ক্ষার প্রকৃত প্রতিফলন হবে বলে বিশ্বাস করেন মির্জা ফখরুল।
তিনি আরো বলেন, স্বাভাবিকভাবে ক্ষমতা পরিবর্তনের পথ বন্ধ হলে ১৫ ও ৫ আগস্টের মতো ঘটনা ঘটে। তাই, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোটের কোনো বিকল্প নেই। বর্তমান সরকার মানুষের চাওয়া বুঝে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে বলেও আশাবাদী বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নতুন করে বিপদ আসার সম্ভাবনা আছে এবং গণতন্ত্রকে আবারও আঘাত করার ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। নির্বাচন হচ্ছে একটা বড় দরজা, সেই দরজার মধ্যে দিয়ে আমাদের গণতন্ত্রের পথে যেতে হবে।’





