Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেবীগঞ্জে নীতিমালা উপেক্ষা করে সরকারি দপ্তরের সরঞ্জাম কেনাকাটায় টিআর প্রকল্প বরাদ্দ দেয়ার অভিযোগ

admin • 22 Dec 2025, 06:05 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে নীতিমালা উপেক্ষা করে সরকারি দপ্তরের সরঞ্জাম কেনাকাটায় টিআর প্রকল্প বরাদ্দ দেয়ার অভিযোগ

পঞ্চগড় পঞ্চগড়ের দেবীগঞ্জে চলতি অর্থবছরে টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। নীতিমালা উপেক্ষা করে এই প্রকল্পের অর্থ ব্যবহার করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের জন্য কম্পিউটার, প্রিন্টার, আইপিএস ও আসবাবপত্র ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

 

গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণমূলক কাজের জন্য বরাদ্দকৃত অর্থ এভাবে দপ্তর সাজাতে ব্যবহৃত হওয়ায় স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কর্মসূচির আওতায় দেবীগঞ্জ উপজেলায় মোট ৯৭টি টিআর (টেস্ট রিলিফ) প্রকল্প গ্রহণ করা হয়, যার মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৭ লাখ ৫৭ হাজার ৯১৪ টাকা। এসব প্রকল্পের মধ্যে একটি প্রকল্পে ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কম্পিউটার, প্রিন্টার, আইপিএস ও আসবাবপত্র ক্রয়ের জন্য।

 

গত ৩০ নভেম্বর পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ শাখা থেকে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার নির্দেশনাও দেওয়া হয়েছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্ৰামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ( টিআর- খাদ্যশস্য/ নগদ টাকা) কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২০২১ অনুযায়ী, টিআর প্রকল্পের অর্থ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও জনকল্যাণমূলক কাজে ব্যবহারের জন্য নির্ধারিত।

 

সরকারি কোনো দপ্তরের দাপ্তরিক সরঞ্জাম বা আসবাবপত্র ক্রয়ের ক্ষেত্রে এই খাতের অর্থ ব্যবহারের কোনো বিধান নেই। সাধারণত এসব সরঞ্জাম ক্রয়ে রাজস্ব খাত বা সংশ্লিষ্ট দপ্তরের নিজস্ব বরাদ্দ ব্যবহারের নিয়ম রয়েছে। এ বিষয়ে সু শাসনের জন্য নাগরিক (সুজন) এর দেবীগঞ্জ উপজেলার সদস্য সচিব সাংবাদিক নাজমুস সাকিব মুন বলেন, সরকারি নীতিমালা উপেক্ষা করে প্রকল্প অনুমোদনের কোন সুযোগ নেই। আজ আইনের ব্যত্যয় ঘটিয়ে কম্পিউটার, প্রিন্টার কেনার প্রকল্প নেওয়া হয়েছে।

 

কাল অফিসের ইন্টেরিয়র ডিজাইনের প্রকল্প নিয়ে সেটিও বিশেষ বিবেচনায় চালিয়ে দেওয়া হবে। অবিলম্বে উক্ত প্রকল্প বাতিল করা হোক। এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়ালিফ মন্ডল বলেন, টাকা আমরা এখনো ব্যায় করি নি। আপনি অফিসে এসে দেখে যান। অফিসে কম্পিউটার প্রয়োজন।

 

গ্ৰামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা উপেক্ষা করে কেন সরকারি দপ্তরের সরঞ্জাম কেনার জন্য টিআর বরাদ্দ দেয়া হলো জানতে চাইলে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, দেয়ার নিয়ম নেই কিন্তু কমিটি যদি প্রয়োজন মনে করে বিশেষ বিবেচনায় দিতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।