Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

‘দুই মাসের বেশি রিলেশনে থাকি না, টেস্ট চেঞ্জ করতে ভালো লাগে’

admin • 02 Sep 2025, 09:57 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
‘দুই মাসের বেশি রিলেশনে থাকি না, টেস্ট চেঞ্জ করতে ভালো লাগে’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই নারী কেবিন ক্রুর বিরুদ্ধে প্রেমের নামে প্রতারণা ও নগদ অর্থ, সোনা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বিমানের অভিযুক্ত দুই কেবিন ক্রুর নাম এম এস টি মৌরি ও খাদিজা সুলতানা শিমু। এর মধ্যে মৌরির বিরুদ্ধে অভিযোগ করেছেন কাতার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নাছির আহমেদ। আর শিমুর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ওমর ফারুক। তিনি দেশের একটি বেসরকারি এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা।

 

তাদের মধ্যে একজন বিচার চেয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন করেছেন। আরেকজন অভিযোগের পাশাপাশি মামলাও করেছেন আদালতে।

 

ভুক্তভোগী দুই যাত্রীর অভিযোগ, মৌরি ও শিমু ভালো বন্ধু। তারা পরিকল্পনা করে অধিকাংশ সময় একই ফ্লাইটে দায়িত্ব পালন করেন। এ সুযোগে বিজনেস ক্লাসের যাত্রীদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। সুযোগ বুঝে নিজেরাই দেন প্রেমের প্রস্তাব। তারপর বিয়ের প্রলোভনে প্রেমিকের কাছ থেকে হাতিয়ে নেন নগদ অর্থ, সোনা, আইফোনসহ মূল্যবান মালামাল। পরে বিয়ের চাপ দিলে সটকে পড়েন।

 

তবে ওই অভিযোগ অস্বীকার করেন কেবিন ক্রু এম এস টি মৌরি। তিনি জানান, তিনি কারও সঙ্গে প্রতারণা করেননি। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। অন্যদিকে, এটা ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে যান শিমু।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্টরা জানান, বেশ কয়েক বছর ধরে বিমানের কেবিন ক্রুদের বিরুদ্ধে এ ধরনের প্রতারণার কথা শোনা যাচ্ছে। তবে ‘ইজ্জতের ভয়ে’ যাত্রীদের কেউ বিমানে লিখিত অভিযোগ দেননি। ফলে কারও বিরুদ্ধে তেমন ব্যবস্থা নেওয়া যায়নি। কিন্তু এবার দুজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সঙ্গে ছবি, ভিডিওসহ পর্যাপ্ত তথ্য-প্রমাণ জমা দিয়েছেন ওই দুই ভুক্তভোগী। এখন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণ হলে চাকরিবিধি অনুযায়ী তাদের চাকরিচ্যুতসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাতে এ ধরনের প্রতারণার সাহস না পান অন্য কেবিন ক্রুরা।

 

গত ২০ জুলাই কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন দেশের একটি বেসরকারি এয়ারলাইন্সের কর্মকর্তা ওমর ফারুক। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। ৫ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বরাবরও একটি অভিযোগ দেন তিনি।

 

গত ২১ আগস্ট একজন কেবিন ক্রুর বিরুদ্ধে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান বরাবর অভিযোগ করেন কাতার প্রবাসী নাছির আহমেদের। তার লিখিত অভিযোগে বলা হয়, ‘২০২৪ সালের ১০ অক্টোবর কাতারের একটি হোটেলে মৌরি নিজেকে বিমানের কেবিন ক্রু হিসেবে পরিচয় দিয়ে আমার সঙ্গে পরিচিত হন। তখন আমার স্ট্যাটাস দেখে কমিটেড রিলেশনে যেতে ইচ্ছা প্রকাশ করেন। ১৬ অক্টোবর আবার দোহা ফ্লাইটে গিয়ে আমাকে কল করে হোটেল লবিতে ডেকে প্রেমের প্রস্তাব দেন। পরদিন তাকে আমি লং ড্রাইভে নিয়ে যাই বিচে। ১৬ থেকে ২০ অক্টোবর লে ওভারে আমার সঙ্গে ছিল। এ সময় আমার কাছে শপিং করে দিতে আবদার করে এবং তা করে দেই।’

 

লিখিত অভিযোগে আরও জানান, ‘৭ আগস্ট মৌরির সঙ্গে হোটেলে আমার দেখা হয়। তখন তিনি তার আসল মতামত জানান। মৌরি বলেন ‘আমি একজনের সঙ্গে দুই মাসের বেশি রিলেশনে থাকি না, টেস্ট চেঞ্জ করতে ভালো লাগে।’ এটা বলে চলে গিয়ে আমাকে ব্লক করে দেন। আর যোগযোগ করেননি। এখন মৌরির বিরুদ্ধে বিমানে লিখিত অভিযোগ দেওয়ায় তার আরেক প্রেমিক রাইয়ানকে দিয়ে প্রতিনিয়ত আমাকে হুমকি দেওয়া হচ্ছে।’

 

এ বিষয়ে জানতে চাইলে কেবিন ক্রু শিমু জানান, এসব তার পার্সোনাল বিষয়। এগুলোর জন্য তাকে ফোন দেওয়া হয়েছে কেন। একথা বলে তিনি সংযোগ কেটে দেন।

 

অভিযোগের বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবির বলেন, ‘আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি। মৌরির বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক তদন্ত করছে ফ্লাইট সার্ভিস বিভাগ। অভিযোগের ভিত্তি থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। শিমুর বিরুদ্ধেও অভিযোগ পেয়েছি। জেনেছি, তার বিরুদ্ধে আদালতে মামলাও হয়েছে।’

 

এ বিষয়ে জানতে সোমবার (১ সেপ্টেম্বর) বিমানের ব্যবস্থাপনা পরিচালক সাফিকুর রহমানকে একাধিক কল দিলেও তিনি রিসিভ করেননি। পরে তার হোয়াটসঅ্যাপ নম্বরে এ বিষয়ে প্রশ্ন পাঠালেও তিনি কোনো উত্তর দেননি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।