কয়েকদিনের বৃষ্টির পর এবার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস। তারা জানিয়েছে, সারাদেশে আগামী কয়েকদিনে শুষ্ক আবহাওয়ার সঙ্গে বাড়তে পারে তাপমাত্রাও।
গতকাল রোববার (১২ মে) আবহাওয়াবিদ মো. ওমর ফারুখ স্বাক্ষরিত পরবর্তী তিন দিনের আবহাওয়ার বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপরে বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে, আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেও আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এদিকে চুয়াডাঙ্গা ও পাবনার ঈশ্বরদীতে রোববার (১২ মে) দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস বলছে, সারা দেশে মঙ্গলবার (১৪ মে) দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। এ ছাড়া এদিন রাত ও পরদিন বুধবার (১৫ মে) দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পরের পাঁচ দিন তাপমাত্রা আরও বাড়তে পারে। এ সময়ের শেষ দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।





