জামালপুরের দেওয়ানগঞ্জে কৃষক আক্তার হোসেন আবেদীন হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে একজনকে খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে অর্থদণ্ডও করা হয়েছে।
বুধবার (০৮ এপ্রিল) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মোতালেব হোসেন এবং মৃত আইন উদ্দিনের ছেলে রশিদ জামাল।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন একই গ্রামের মৃত আইন উদ্দিন ফকিরের সন্তান আব্দুল লতিফ, সুরুজ মিয়া ও আব্দুল হামেদ। এ মামলায় সবুজপুর গ্রামের আসাদ জামালের ছেলে খোরশেদ আলমকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি মোতালেব হোসেন পলাতক ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, জমিজমা ও সামাজিক বিরোধের জেরে নিহত আবেদীনের সঙ্গে আসামিদের দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। এরই ধারাবাহিকতায় ২০০৭ সালের ২২ মে রাত সাড়ে ৮টার দিকে সবুজপুর গ্রামের একটি মাদ্রাসার পাশে তাকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার পথে আবেদীন পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখ করে এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার বিচারকালে দুই আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এই রায় প্রদান করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী দিদারুল ইসলাম দিদার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।





