জামালপুর সদরের জয়রামপুর এলাকায় ডাম্প ট্রাক আর পিক-আপের সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) ভোরে জামালপুর-মুক্তাগাছা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, ভোর চারটার সময় খবর পেয়ে তারা আহত পিকআপের চালক রিপন (৩৭) কে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। জামালপুর সদর থানা পুলিশের একটি দল সেখানে গিয়ে নারীর মরদেহ উদ্ধার করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহত নারীর পরিচয় জানা যায়নি। নাম পরিচয় জানার জন্য পিবিআইকে ডাকা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাম্প ট্রাকের চাপায় ওই নারীর মৃত্যু হয়েছে। পিছন থেকে আসা পিক-আপ ডাম্প ট্রাককে ধাক্কা দেওয়ায় পিক-আপের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
ডাম্প ট্রাকের চালক পালিয়ে গেছে। নিহত নারীর মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।





