Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে প্রবাসীর বাড়িতে হামলায় ঘরছাড়া পরিবার, ৮ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

admin • 08 Jun 2026, 09:58 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে প্রবাসীর বাড়িতে হামলায় ঘরছাড়া পরিবার, ৮ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসীর বাড়িতে হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।

 

মামলার আট দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার। বর্তমানে তারা বাড়িছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ উঠেছে।

 

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ৩০ মে সকালে উপজেলার চিনাডুলী ইউনিয়নের দক্ষিণ চিনাডুলী গ্রামে প্রবাসী আনিসুর রহমানের বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে। ঘটনার পর ১ জুন আনিসুর রহমানের স্ত্রী বিউটি আক্তার (৩০) বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে ইসলামপুর থানায় মামলা দায়ের করেন।

 

মামলার অভিযোগে বলা হয়, হামলাকারীরা দা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এতে নারীসহ অন্তত ৯ জন আহত হন। আহতদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

 

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা শুধু মারধরেই ক্ষান্ত হয়নি; বসতঘর, টিউবওয়েল, টয়লেট, বিদ্যুৎ সংযোগ, রান্নার চুলাসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেছে। এছাড়া উঠানের মাটি কেটে নেওয়া, ঘরের টিনের বেড়া খুলে নিয়ে যাওয়া এবং কিছু টিন পাশের নালায় ফেলে নষ্ট করার অভিযোগও করেছেন তারা। এছাঢা হামলার পর বসতঘরের জায়গায় গাছ লাগিয়ে জমি দখলের চেষ্টা করা হয়েছে। ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও মূল্যবান মালামালও লুট করে নেওয়া হয়েছে বলে দাবি তাদের। ঘটনার পর থেকে পরিবারটি নিজ বাড়িতে ফিরতে পারছে না। বাড়িতে গেলে পুনরায় হামলা ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। ফলে সন্তানদের নিয়ে কখনো থানায়, কখনো আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়ে দিন কাটাতে হচ্ছে তাদের।

 

কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী আসমা আক্তার বলেন, সন্তানদের নিয়ে দারে দারে ঘুরতেছি। নিজের বাড়িতে যেতে পারতেছি না। থানায় গিয়েও নিরাপত্তা পাইনি। আমরা এখন কোথায় যাবো, কীভাবে বাঁচবো বুঝতে পারছি না। মামলার বাদী বিউটি আক্তার অভিযোগ করেন, মামলা দায়েরের পরও আসামিরা এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ আসামিদের গ্রেপ্তারে কার্যকর ভূমিকা রাখছে না। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। অভিযুক্তদের বক্তব্য নিতে তাদের বাড়িতে গেলে কোনো পুরুষ সদস্যকে পাওয়া যায়নি।

 

তবে কোহিনূর নামে তাদের পক্ষের এক নারী বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হয়েছে। তাদের কাছে আমাদের কিছু জমি পাওনা আছে। ঘর ভাঙার ঘটনার পর জায়গা পরিষ্কার করে গাছ লাগানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দ্রুত আসামিদের গ্রেপ্তার, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নিজ বাড়িতে ফিরে স্বাভাবিকভাবে বসবাসের সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছে।

 

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার আটজন আসামি উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।