জামালপুরের মাদারগঞ্জে স্বামীর সামনে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। এ সময় দম্পতিকে জিম্মি করে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার কিশোরকে আটক করেছে পুলিশ।
এর আগে গতকাল সোমবার (২৩ মার্চ) রাতে মাদারগঞ্জ পৌর এলাকার খরকা বিল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই ভুক্তভোগী দম্পতি মাদারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী অনন্ত রবিদাস জানান, তিনি স্ত্রী নিশী রবিদাসকে নিয়ে বালিজুড়ি ঈদ মেলা দেখতে যাচ্ছিলেন। পথে কয়েকজন কিশোর তাদের গতিরোধ করে।
একপর্যায়ে আরও ১০ থেকে ১২ জন কিশোর সেখানে জড়ো হয়। তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জিম্মি করে এবং তার স্ত্রীকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা চালায়।
এ সময় গৃহবধূর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করা হয়। তিনি বাধা দিলে তাকে মারধর করে জিম্মি করে রাখা হয়। পরিস্থিতির একপর্যায়ে আশপাশে লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা দুটি মোবাইল ফোন ও নগদ অর্থ নিয়ে যায়।
ঘটনার পর রাতেই ভুক্তভোগী দম্পতি মাদারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে চার জনকে আটক করে।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ বলেন, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





