Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

admin • 06 Oct 2025, 09:17 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
জামালপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

 
ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় একটি প্রকল্প গ্রহণ করে মেয়াদ শেষ হলেও কাজ না করা এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির প্রকল্পে নামমাত্র কাজ দেখিয়ে সরকারি অর্থ তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।  
স্থানীয় সূত্রে জানা যায়, ঘোষেরপাড়া ইউনিয়নের দক্ষিণ ঘোষেরপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার উন্নয়ন কাজে ২০২৪-২৫ অর্থবছরে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল থেকে ২ লাখ ২৩ হাজার ৩০০ টাকার একটি প্রকল্প নেওয়া হয়। তবে প্রকল্প গ্রহণের পর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে মেয়াদ শেষ হয়ে গেলেও কোনো কাজ শুরু হয়নি। অথচ একই সময়ে ইউনিয়নের অন্যান্য তিনটি উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।  
এছাড়া, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বিল্লালের বাড়ি থেকে তফুর গোরস্থান পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ১ লাখ ৯৯ হাজার টাকার একটি প্রকল্প নেওয়া হয়। নিয়ম অনুযায়ী শ্রমিক দিয়ে মাটি কাটার কথা থাকলেও সেখানে এক্সকেভেটর ব্যবহার করে সামান্য মাটি ফেলা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।  
দক্ষিণ ঘোষেরপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক সেলিম উদ্দিন বলেন, প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম কয়েক মাস আগে এসে বলেন, মাদ্রাসার চালা মেরামতের জন্য বরাদ্দ পেয়েছেন। আমি তাকে বলেছিলাম, চালা এখনো টিকে আছে, বরং জানালার গ্রিল বানিয়ে দিন। তিনি মাপ নিয়ে যান, কিন্তু এখনো কোনো কাজ শুরু হয়নি। সম্প্রতি দেখা হলে বললেন, পরবর্তী বাজেটে কাজ করবেন।  
অভিযোগের বিষয়ে ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ২০২৪-২৫ অর্থবছরেই ওই প্রকল্পটি নেওয়া হয়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে এখনো কাজ শুরু হয়নি, কাজ করা হবে। টিআর প্রকল্পের কাজ ভেক্যু দিয়ে করেছি।  
এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হোসেন বলেন, ‘অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।