Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুর থেকে বিএনপির নেতাকর্মীদের নিয়ে ঢাকার পথে স্পেশাল ট্রেন

admin • 25 Dec 2025, 01:09 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুর থেকে বিএনপির নেতাকর্মীদের নিয়ে ঢাকার পথে স্পেশাল ট্রেন

দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জামালপুর জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি স্পেশাল ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৫টায় জামালপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি রাজধানীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

 

জামালপুর রেলওয়ে ও দলীয় সূত্রে জানা গেছে, জামালপুর স্পেশাল ট্রেনটি সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। একই দিন সন্ধ্যা ৭টায় ট্রেনটি ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং দিবাগত রাত আনুমানিক ২টায় জামালপুরে পৌঁছাবে। এই স্পেশাল ট্রেনটিতে মোট ১০টি কোচে ৫৩০টি আসন রয়েছে।

 

ট্রেনটির ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৫৬৩ টাকা, যা আগেই পরিশোধ করা হয়েছে। এদিকে জামালপুর জেলার সাতটি উপজেলার পাঁচটি সংসদীয় আসন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যক্তিগত উদ্যোগে ও বাসযোগেও ঢাকার কর্মসূচিতে অংশ নিতে রওনা হয়েছেন।

 

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দলে দলে রাজধানীর পথে যাত্রা করছেন তারা। এই যাত্রায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেতা-কর্মীরা। জামালপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আকতার হোসেন শেখ বলেন, স্পেশাল ট্রেনটি নির্ধারিত সময় অনুযায়ী জামালপুর স্টেশন থেকে ছেড়ে গেছে। ট্রেনটি ময়মনসিংহ, গফরগাঁও, জয়দেবপুর ও বিমানবন্দর স্টেশন হয়ে ঢাকায় পৌঁছাবে। একই দিন সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা দেবে। যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।