বিদেশি নাগরিককে জন্মনিবন্ধন দেওয়ায় এক কর্মচারীকে চাকরিচ্যুত ও একজনকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম।
চাকরিচ্যুত ব্যক্তির নাম মাফরুজা সুলতানা। সর্বশেষ তিনি ডিএনসিসির অঞ্চল-৫ এর স্বাস্থ্য শাখার জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তবে অঞ্চল-৩ ও ৯ (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্ব পালনরত অবস্থায় উজবেকিস্তানে জন্মগ্রহণকারী রাশিয়ান বংশোদ্ভূত পিত-মাতার ঔরসজাত সন্তান এলিনা তৌহিদের জন্মনিবন্ধন অবৈধভাবে প্রদান করেন।
এ ছাড়া সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তার নাম আজিজুন নেছা। তিনি ডিএনসিসির অঞ্চল-৩ এবং ৯ এর (অতিরিক্ত দায়িত্ব) স্বাস্থ্য শাখার সহকারী স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
ডিএনসিসির ওই দুই কর্মকর্তার চাকরিচ্যুত ও সাময়িক বরখাস্তের বিষয়ে আদেশ জারি করে অবিলম্বে তা কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।





