দেশের বর্তমান বিশেষ পরিস্থিতিতে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর ও সিটি মেয়র, কাউন্সিলরগণ কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা কার্যক্রমে বিঘ্ন দেখা দেয়।
এ অবস্থায় অন্তর্বর্তী সরকার উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেয়।
সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের অক্টোবর মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ কর্মদক্ষতা প্রদর্শনের জন্য খুলনা বিভাগীয় কার্যালয়ের মনিটরিং সেল সেরা ১০ জন উপজেলা নির্বাহী অফিসারের নাম ঘোষণা করে। এ তালিকায় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম চতুর্থ স্থান অর্জন করেছেন।
নাজমুল ইসলামের এই সাফল্যে মিরপুরবাসী গর্বিত ও আনন্দিত। তার এই অর্জনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মিরপুরের ইউএনও নাজমুল ইসলামের এই কৃতিত্ব শুধু প্রশাসনিক সাফল্য নয় বরং এটি জনগণের সেবায় দায়িত্বশীলতা ও নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
মিরপুর উপজেলার নির্বাহী অফিসার নাজমুল ইসলাম জানান, জন্ম ও মৃত্যু নিবন্ধনে মিরপুর উপজেলা খুলনা বিভাগে অক্টোবর মাসে ৪র্থ স্থান অধিকার করেছে। সকল ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, উদ্যোক্তা, গ্রাম পুলিশবৃন্দ এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা সকলের প্রতি।
উপজেলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের আরও একটু সচেতনতাবোধ পারে আমাদের উপজেলাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। সবাই জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যেই জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করুন।
এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ কর্মদক্ষতা প্রদর্শনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন বার্তা জানিয়েছেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।





