পুলিশের চোখে-মুখে স্প্রে করে আদালত পাড়া থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিরা পুলিশের ‘নজরদারির মধ্যে রয়েছে’ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশিদ। যে কোনো মুহূর্তে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২১ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হারুন অর রশীদ বলেন, ঘটনার পরপরই মহানগর পুলিশের ডিবি, সিটিটিসি ও থানা পুলিশসহ বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেন। তাৎক্ষণিকভাবে ঢাকা শহরের সকল পয়েন্টে চেকপোস্ট বসায় এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করেছি।’
এই ঘটনায় রাজধানীর কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। জঙ্গি ছিনতাইয়ের মামলায় ২০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া ১২ জন আসামির ১০ জনকে ১০ দিনের রিমান্ডে আনা হয়েছে। সবকিছু মিলিয়ে সতর্ক অবস্থানে আছে পুলিশ।
জঙ্গিদের আনা নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হয় দাবি করে ডিবি প্রধান বলেন, তারপরও গতকালের ঘটনায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপির প্রতিটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া রাজধানীর সব সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।
হারুন অর রশিদ বলেন, সব কিছু মিলিয়ে তদন্ত চলছে, আমরা মনে করি আসামিরা আমাদের নজরদারির মধ্যে রয়েছে।
এদিকে পুলিশের চোখে-মুখে পিপার স্প্রে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আদালতের পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।





