ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার এই তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।যুগ্ম কমিশনার বিপ্লব বলেন, ছাত্রলীগের নেতাদের নির্যাতনের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কার্যদিবসে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদনের আলোকেই এডিসি হারুনসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এদিকে নির্যাতনের শিকার ছাত্রলীগ নেতাদের পরিবারকে মামলা করতে না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, 'মামলা করার বিষয়ে আমরা এখনো নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করছি। পরিবারকে মামলা করতে দেওয়া হচ্ছে না এ অভিযোগ সত্য নয়।'
ছাত্রলীগ সভাপতি বলেন, বিভাগীয় তদন্ত চলছে। এডিসি হারুনের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে ডিএমপি।
গত শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈমকে শাহবাগ থানায় নির্যাতন করেন ডিএমপির রমনা জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) হারুন।ছাত্রলীগ নেতাদের অভিযোগ, শনিবার রাতে এডিসি হারুন আরেক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বারডেম হাসপাতালে আড্ডা দিচ্ছিলেন।
ওই সময় নারী কর্মকর্তার স্বামী কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান। নারী কর্মকর্তার স্বামীও একজন সরকারি কর্মকর্তা। তার সঙ্গে এডিসি হারুনের বাগ্বিতণ্ডা হয়। পরে এডিসি হারুন দুই কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় তুলে নিয়ে যান। সেখানে তাদের নির্যাতন করা হয়।





