Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ছাগল চোরের ‘হেদায়াত কামনায়’ মিলাদ-মাহফিল

admin • 27 Sep 2025, 04:48 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ছাগল চোরের ‘হেদায়াত কামনায়’ মিলাদ-মাহফিল

ফরিদপুরের মধুখালীতে চুরি যাওয়া ছাগল ফেরত না পেয়ে চোরের হেদায়াত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন এক ব্যক্তি। ব্যতিক্রমী এই আয়োজনটি করেন উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আলামিন জমাদ্দার ওরফে সবুজ (৩৬)।

 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজের পর গ্রামের একটি মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। পরে উপস্থিতদের জন্য তেহারির আয়োজন করা হয়।

 

আল আমিন জানান, প্রায় এক মাস আগে তার দুটি ছাগল চুরি হয়। অনেক খোঁজাখুঁজি করেও তিনি ছাগল দুটি উদ্ধার করতে পারেননি। থানায় কোনো অভিযোগও করেননি। শেষে তিনি সিদ্ধান্ত নেন চোরের জন্য দোয়া করার—যাতে সে সঠিক পথে ফিরে আসে। তিনি বলেন, ‘চোর হয়তো অভাব কিংবা লোভের কারণে এই কাজ করেছে। আমি যদি তাকে গালমন্দ করি, তাহলে আমি আর সে এক পর্যায়ে নেমে আসি। আমি চাই, সে তার ভুল বুঝে ফিরে আসুক।’

 

এই দোয়া মাহফিলের খবর এলাকাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, আলামিন গ্রামের মাইকিংয়ের মাধ্যমে সবাইকে মিলাদে অংশ নিতে আমন্ত্রণ জানান।

 

এ বিষয়ে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মিয়া বলেন, ‘ও (আলআমিন) ঢাকায় নাটক-ফাটক করে বেড়ায়। দুই মাস আগে তার ছাগল চুরি হয়েছিল। এখন কী মনে করে ছাগল চোরের হেদায়াতের জন্য মিলাদের আয়োজন করল, বুঝতে পারছি না।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।