চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অস্ত্রোপচারের মাধ্যমে এক নারীর পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বিশাল টিউমার অপসারণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত তিন-চার মাস ধরে পেটে অস্বাভাবিক ভার ও ব্যথা অনুভব করছিলেন ৪৫ বছর বয়সী এক নারী। তিনি জেলার কচুয়া উপজেলার বাসিন্দা। গত শুক্রবার তিনি শাহরাস্তির ওই হাসপাতালে ভর্তি হন। প্রথমে আলট্রাসনোগ্রাফিতে তার পেটে তরল জমে থাকার কথা বলা হলেও উন্নত পরীক্ষা ও সিটি স্ক্যানের মাধ্যমে টিউমারের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।
অস্ত্রোপচারকারী চিকিৎসক ও হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আরিফ উল হাসান বলেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর আমরা টিউমারটি শনাক্ত করি। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সফলভাবে টিউমারটি অপসারণ করা হয়েছে। এত বড় আকারের টিউমার দেখে আমরাও কিছুটা বিস্মিত হয়েছি।
তিনি আরও জানান, রোগী বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল। এদিকে সফল অস্ত্রোপচারের খবরে স্বস্তি প্রকাশ করলেও রোগীর পরিবারের সদস্যরা এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তারা বিষয়টিকে একান্ত ব্যক্তিগত হিসেবে রাখতে চেয়েছেন।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান বলেন, রোগীকে সরাসরি না দেখে বা বিস্তারিত রিপোর্ট পর্যালোচনা না করে সুনির্দিষ্ট মন্তব্য করা কঠিন। তবে ৮ কেজির বেশি ওজনের টিউমার নিঃসন্দেহে একটি বড় এবং ঝুঁকিপূর্ণ বিষয়। সফল অস্ত্রোপচারের মাধ্যমে এটি অপসারণ করা রোগীর জীবনের জন্য স্বস্তিদায়ক।





