চলন্ত ট্রেনের মধ্যে বিয়ে সারলেন এক যুগল। সেই বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। ঘটনাটি পাশের দেশ ভারতের।
ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ জানায়, পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডগামী যাত্রীবাহী ট্রেনে সম্প্রতি এই ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের আসানসোল থেকে জসিডি যাওয়ার ট্রেনটিতে ভিড় ছিল বেশ। এর মধ্যেই কনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন বর। সিঁদুরদানের পাশাপাশি মালাবদলও করেন দুজনে। কনের পরানো হয় মঙ্গলসূত্রও।
এই বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, যুগলকে ঘিরে ট্রেনযাত্রীদের ভিড় জমে ওঠে। উচ্ছ্বাস প্রকাশ করে সবাই শুভ কামনা জানান নবদম্পতিকে।
এদিকে ভিডিওটি দেখে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘ইন্ডিয়ান রেলের নানা ব্যবহার’। অপর একজন বলেছেন, ‘শুভ কামনা’। আরেক ব্যক্তি লিখেছেন, ‘বাজেট ঘাটতি ছিল, তাই বোধহয় ট্রেনে বিয়ে করেছে।’ এই ঘটনার প্রেক্ষিতে বিয়ে এবং বিচ্ছেদ নিয়েও চর্চা করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘বিয়ে যত আনন্দের, ডিভোর্স ততই কষ্টের।’ অপর একজন লিখেছেন, ‘ডিভোর্স এখন সহজ হয়েছে।’
ভিন্ন রকম ভেন্যুতে বিয়ে এই প্রথম নয়। সম্প্রতি মাঝ আকাশে চলন্ত উড়োজাহাজে বিয়ে সারেন এক যুগল। মহা ধুমধামে মাঝ আকাশে চাঁদের হাট বসিয়ে বিয়ে হয় তাঁদের। জমকালো বারাত নিয়ে পাত্র-পাত্রীসহ দুই পক্ষের সবাই দুবাই প্রাইভেট টার্মিনালে হাজির হন। তাদের নিয়ে দুবাই থেকে ওমানের উদ্দেশে উড়াল দেয় উড়োজাহাজ। এরপর চলন্ত উড়োজাহাজে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।





