Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিলে ছাত্রলীগের হামলা

admin • 15 Jul 2024, 09:23 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিলে ছাত্রলীগের হামলা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে হামলা ও তাদের মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। এতে দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের মিছিলে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ঘিরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতে ক্যাম্পাসের জিরো পয়েন্টে সমবেত হন। ওই সময় তারা ‘তুমি কে আমি কে, রাজাকার-রাজাকার’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

অভিযোগ উঠেছে, শিক্ষার্থীদের আন্দোলনের খবর সামনে এলে বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাদের ওপর চড়াও হন। এ সময় সুমন নামের এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করা হয়। মারধরের শিকার সুমন চবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী।

কোটা সংস্কার আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রাসেল বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম, আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হলো। কে মেরেছে তা জানি না। আমাদের দুজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী শিক্ষার্থীও আছেন। আমাদের মিছিলে ককটেল বিস্ফোরণও ঘটানো হয়েছে।

এ ব্যাপারে কথা হলে চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পার্থ প্রতিম বড়ুয়া বলেন, মারামারির পরে আমি এসেছি। তবে তাদের (মিছিলকারীদের) নেত্রীর (প্রধানমন্ত্রী) নামে বাজে স্লোগান দিতে শুনেছি। এতদিন কিন্তু তাদের আন্দোলনে বাধা দেয়া হয়নি। আমরাও চেয়েছি কোটার যৌক্তিক সমাধান আসুক। কিন্তু স্বাধীন দেশে ‘তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার’ স্লোগান দেয়া কখনো কাম্য নয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।